Sunday, July 12, 2015

বৃষ্টি-জার্ণাল



সে যেন এক স্বপ্ন দেখা, ভোরের আনাগোনায়
চলেছি সেই মাটির টানে কিসের দোনামোনায়।
মেঘের যেন উপুড় দোয়াত, বৃষ্টি দোলাচলে
আমার যেন সব হারালো, বর্ষা এল বলে।

ওরে সব থৈ থৈ বাংলার মাঠঘাট
হাঁটুজলে ধানচারা, বর্ষার পাখসাট।
ওমা, ওমা! একি দেখি, ভেতরে ও বাইরে
আষাঢ়েই এই হাল? শ্রাবণে কি হবেরে?

Thursday, July 2, 2015

মিত্রজাল

মিসড্‌ কল যদি মিস্‌ হয়ে যায়? 
পজ্‌ড হয়ে যাবে জীবন। 
আর এসএমএস যদি সেন্ট না হয়েছে ? 
অধরা থাকবে ভুবন । 

স্মার্টফোন যদি ক্যাবলার মত 
হোয়াটস্যাপে চুপ থাকে? 
তাহলে জানবে অচল সে ফোন 
পয়সা পুড়িয়ে বকে। 

ইমেলে যদি রিপ্লাই না পাও, 
বুঝবে মাথার স্ক্রু ঢিলা 
এ যেন, 
বাড়ি বয়ে গিয়ে কড়া নেড়ে এলে 
পেলেনা দরজা খোলা। 

স্কাইপে তোমাকে পিং করে যদি 
না পেয়ে থাকি সাড়া 
তবে ধরে নেব 
মুখ দেখবেনা বলে করেছ বন্ধুহারা। 

হ্যাঙাউটে যদি ঝুলে নাই থাকো 
ঝুলে পড়ো শিগ্‌গিরি 
জীবন তোমার বৃথাই কাটবে 
এ কথা কিন্তু জরুরী !!! 

ফেসবুকে ফেস না দেখিয়ে 
শুধু কি ফেক প্রোফাইল বানাবে? 
স্টেট্যাসেতে ভায়া লাইকও পাবেনা 
 চ্যাটবক্স খালি থাকবে । 

সে যুগেতে ছিল অর্কুট, 
তাই কূটকূট করে খেতে 
এখন পাওনা তাই বুঝি তুমি 
ভাট বকে চলো নেটে ? 

সত্যযুগেতে ব্লগবাজি ছিল 
ফেসবুক এল ত্রেতাতে 
দ্বাপরেতে এল হোয়াটস্যাপ 
আরো আরো খিদে মেটাতে। 

এবার দেখব কল্কি কি আনে 
ডিজিটাল মোহ কাটাতে। 
কলিতে তবে থট মেসেজেই 
জীবন পারবে সাজাতে ।

Thursday, April 9, 2015

" ডাকনাম"




মা ডাকত পুঁটুরাণী, বাবা কেবলি পুঁটু।

রূপসোনা বলি আমি তাকে, যদিও দৃষ্টিকটু ।

তিনটি মেয়ের একটি, যদিও ছেলে আছে দু'টি ।

ঠাম্মা ডাকত আদর করে সুভদ্দোরা,

দিদা মিলিয়ে দিয়েছিল যশোধরা।

শরীর জুড়ে তিল ছিল মেয়ের, তাই স্কুলের নাম তিলোত্তমা ।

মিষ্টি চেহারার জন্য দাদামশাই বলতেন মনোরমা ।

মায়ের জুটল রাঁধুনির কাজ, মোটের ওপর এতগুলো পেট,

এই বাজারে পোষায় কি আর ? বাবার যে বন্ধ জুটমিলের গেট।

পুঁটুরাণী সবচেয়ে সুন্দরী, নাকমাটা মাটা, চোখ হাসে তার,

গায়ের রং গম-পানা, মুখটি পানপাতার। বাবা দিল পাঠিয়ে ভিনরাজ্যে ।

প্রচুর টাকার বিনিময়ে, অভাবের তাড়নায়...

পুঁটু হল গিয়ে একালের দেবদাসী। ডাকনাম সবিতা ।

এবার শুরু মেয়ের জীবনে নতুন নাটক-কবিতা।

কোন্‌ এক বাবুর মন্দিরে সে নাচত-গাইত, ফুলের মত ঢলে পড়ত

কৃষ্ণসেবা দিনের বেলায়, রাতে লম্পট বাবুর বিছানায় ।

বাবু ডাকত কত্ত নামে। পুঁটুর কি আর নামের অভাব!

সেই ছোট্ট থেকে আদর ! মা-বাবা-ঠাম্মা-দিদার!

ডাগোরডোগর মেয়েটা এখন বাবুর আদরের মোনা

আমি বাপু তারে ডাকি আমার রূপসোনা।


Thursday, March 19, 2015

ধর্ষক

ওমা, ওরা ছেলে কেন? ওরা যে কেবল ধর্ষক।  
ইজ্জত নিয়ে টানাটানি করে,মেয়ে শরীরের দর্শক। 
ওমা, ওরা পুরুষ কেন?  ওরা কি বীর্যবান?
ওদের বোধহয় অন্যজাত, ওরা শক্তিমান। 
ওমা, ওরা কি কা-পুরুষ তবে? নাকি  চতুর্থ সেক্স?
ওদের লিঙ্গ বোধহয় আলাদা, পাইরেটেড, ট্রিপল এক্স।  

ওরা ধর্ষক, লোমহর্ষক, নারীর শরীর ওদের কাছে বড়োই চিত্তাকর্ষক !
ওরা যে একটা ক্লাস! ওদের কাছে নারীর শরীর নিছক কাঁচের গ্লাস!  

Saturday, February 21, 2015

অমর আমার একুশ

তখন মাথায় শিং হয়নি হাট্টিমাটিম টিম্‌
ঘুমের ঘোরে মায়ের গানে  তোমায় চেনার দিন।
ঘুম ঘুম চাঁদ পেরিয়ে আসা,আমার বর্ণ পরিচয়
তোমাকে আঁকড়ে আরো আরো বাঁচি ,
জেগে উঠি আরো নিশ্চয়  !!!   
তারপরে তো স্কুল পেরোনো লম্বা ইঁদুর ছুট  
হাতের মুঠোয় থাকি ধরে, তোমার শাড়ির খুঁট । 
ধ্যুত্তেরি আর বিরক্তিতে পার করেছি রচনা 
একটুআধটু পরে দেখা বাংলাভাষার গয়না । 
তবুও তুমি আমার গর্ব, আমার অলঙ্কার
তোমায় ছাড়া বাঁচব কি করে? কি দেব পুরষ্কার  !!! 

Monday, February 16, 2015

c/oবিশ্বনাথের গলি


তোমার রকমসকম কেমন বাবা ?
কানে ধুতরোফুলের কলি
সিদ্ধিগাঁজায় মাত করেছ বিশ্বনাথের গলি।
উপচে পড়া মানুষ জড়ো ভক্তিরসে ডুবু
উপছে ওঠে প্রণামবাক্স  বাবা জবুথবু
সেথা কেমন আছো তুমি?
দেশের তুমি দশের তুমি জ্যোতির্লিঙ্গভূমি
একপলকে  ঝলক দেখা বিশ্বনাথের ব্র্যান্ড
ষাঁড়, সিঁড়ি আর রাঁঢ়ের মাঝে গঙ্গাপুজোর ব্যান্ড ।