Wednesday, March 12, 2014

নারী-নক্ষত্র

আমার নারী গ্রীষ্মঋতুতে জ্বর এলে জলপটি
আমার নারী বর্ষা-শরতে শাড়ি তার ধুলোমুঠি ।
আমার নারীটি মায়ের মতন আধফোটা ভেজা শিউলি
ল্যাজাতে-মুড়োতে ঢেকেছে লজ্জা, কনে দেখা মেঘ গোধূলি ।
আমার নারী হেমন্তে ধান নবান্নে পোষ-লক্ষ্মী
পিঠেপার্বণে কয়লার আঁচে ওম্‌ নেওয়া যেন পক্ষী ।
আমার নারী নিরাভরণা সে শাঁখায় সিঁদুরে লাবণী
খড়কে ডুরেতে আটপৌরে সে বৈশাখী বা শ্রাবণী ।
নিজের জন্যে বাঁচতে শেখেনি আমার শ্রীমতী নারী
ভাললাগাটুকু ঝেড়ে ফেলে বলে "ভালো আছি আমি তোমারি" !
আমার নারী বৃষ্টিশাড়িতে, উঠোনে ইলশেগুঁড়িতে
শীতরোদ্দুরে নকশীকাঁথায়, উলের গোলায় কাঁটাতে ।
আমিও যে সেই নারীর কন্যা খোলা বসন্ত উঠোনে
লজ্জা চাউনি আমার অঙ্গে ভালোবাসার সে ফাগুণে ।


এইসময় ব্লগে প্রকাশিত আন্তর্জাতিক নারী দিবসে  

Friday, March 22, 2013

সেদিন চৈত্রমাস!




অনেকগুলো চৈতালী ভোর পেরিয়েও এমন সর্বনাশের ইশারা পাইনি । আজ ছাইরঙা কুয়াশার ভোরে হাঁটতে হাঁটতে পিচের পাকা রাস্তায় । দুপাশের শিমূল পলাশের সঙ্গী মহুয়া । মহুয়া সুখী ফুল ।  ফুল থেকে সবজে হলুদ ফলটুকুনিও ঝরে পড়ে  মনের সুখে  ।  সেই মহুয়া সরণী ধরে পথ চলায় যে মাদকতা, তা পেয়েছি আজকের ভোরে । হলুদ ফরাস পাতা  মহুয়া সরণী বেয়ে চলেছি আর পাশের গাঁয়ের আবালবৃদ্ধবণিতার কোঁচোড় ভরে সেই মহুয়া ফল কুড়িয়ে নেওয়া দেখে মন পৌঁছে গেল সেই লালপাহাড়ির দেশে...    

এবার পুজোতে বোলপুরে একদল মাদল নাচিয়ের সাথে আলাপ জমেছিল ।  ওরা শ্যামলা গাঁয়ের শ্যামলা একদল মেয়ে । সাথে কয়েকজনের মরদ। ওদের চিকন কালো চুল, খোঁপায় বাঁধা বকের পালক, হলুদ গাঁদার ফুল, রূপোর শুলগা । লম্বাটে চোঙাকৃতির "মাদল" তালযন্ত্রটিকে  আর গোলাকার তবলার মত "লাগড়া" বাদ্যযন্ত্রটিকে নিয়ে ওরা নাচে আর গান তৈরী করে । আর ওদের গান সৃষ্টির মূলে হল  চৈত্রমাসের মহুয়া উত্সব । মহুয়ার মৌ জমে ওঠে ওদের ঘরে ঘরে আর ওরা নাচে, গান করে । আজকের মহুয়া কুড়োনোর সেই ছবিটা দেখে বুকে সেই মাদল বাজার শব্দ পেলাম । 
আর মনে মনে বলে উঠলাম


 "ও মেয়ে  তুই কুথা যাস রাঙামাটির পরে
ধামসা মাদল, মহুয়া ফুল কুথায় আছে ঘরে ? "      


আজকের চৈতী ভোর উসকে দিল আমার বসন্তকে আরো একবার!  


Friday, March 15, 2013

আমার জীবনের তুমিরা !

আমার জীবনপাত্র উথলে উঠেছে  মনে দাগ কাটার মত অনেক "তুমি"র জন্যে ।  তাই তুমির কথা বলতে গেলে কাকে ছেড়ে কার কথা বলি!
ছোট্টবেলায় মায়ের শাসন থেকে রেহাই পেতে ঠাম্মাবুড়ির সাথে পুতুলের বিয়ে দেওয়া, রুটি বেলার খেলাখেলির সময় মনে হত  "থাক্‌না এই মানুষটা আমার সারাটা জীবন ভোর "তুমি" হয়ে !"
তারপর যখন উচ্চমাধ্যমিকের গন্ডী পেরিয়ে কলেজে পা দেওয়া তখন বিজ্ঞান-প্রেমে হাবুডুবু আমার "তুমি" হয়ে উঠল কেমিষ্ট্রি, জীবনের ধ্যানজ্ঞান । স্নাতকোত্তর পার হল বিশ্ববিদ্যালয়ে দস্তুর মত দ্বিতীয় স্থান সেই "তুমি"কে ঘিরেই ।  তারপর সবকিছু ওলটপালট !
ছেঁডাছেঁড়া কবিতারা এল আমার সেই "তুমি" হয়ে.... ঘুমঘোরে পদ্যপুর পাড়ি দিলাম  । সঙ্গের সাথী হল সেই "তুমি"রা । গদ্য-পদ্যের জগত ঘিরে কত "তুমি" সেখানে!  এছাড়া আমার "তুমি"র লিস্টিতে ব্যালকনির টব-বাগানের তরতাজা ফুলগুলো অথবা অলসদুপুরের খুনসুটির সাথী সেই কাঠবিড়ালী অথবা বসন্তবৌরীরা থেকেই গেছে মনের খোরাকের "তুমি" হয়ে ।
রক্তমাংসের "তুমি" এল জীবনে  । তাকে ঘিরে অনেক স্বপ্ন ডাউনলোডিং হৈ হৈ করে ব্যান্ডাউইডথ পুড়িয়ে । জীবন-কেমিষ্ট্রি বদলে দিল  সেই "তুমি"র মা ডাক।
আবার ঋতুচক্রের ঝরাপাতায় ফাগুনের ফেসবুক দিল কিছু ম্যাজিক-মূহুর্ত । তখন অনেক "তুমি" ভালোলাগার, ওঠাবসার সঙ্গী । যেমন সন্ধ্যেবেলার "তুমি" বা ভোরের আলোর অন্য "তুমি"রা ।  
আর আছে আমার চারপাশে সেই অদৃশ্য "তুমি" যে আমার কোঅর্ডিনেটর, সঞ্চালিকা যাই বলো । 

Monday, March 4, 2013

কন্যে আমি

আবার আমায় নাও না কোলে তুলে কিম্বা নাহয় ঠাঁই দাও মাগো তোমার জরায়ুতে,
এবার দশ-মাস দশ-দিন নয়, থাকবো মাগো সারাজীবন ধরে । 
এই সমাজের চেয়ে বোধহয় ভালো ছিল তোমার পেটের ভেতরটা,
শোণিত-লোহিতকণার মাঝে রক্তমাংস'দলাটা ।
তবুও তো আমি সুরক্ষিত সেখানে
ভিতর-বাহিরে অন্তরে অন্তরে ঠিক যেমনি ছিলাম
তোমার মনের মাঝখানে ।   

Saturday, February 23, 2013

চুপকথা

পালটে গেল আমার চুপকথার গল্প ।  ১৯৮৯ র ফাল্গুন । অষ্টমঙ্গলা সেরে মধুচন্দ্রিমা...
সুদূর ডালাসে পাড়ি দেওয়া, জীবনের প্রথম প্রেমিকের সাথে,
বহু প্রতীক্ষিত বায়ুপথে ভ্রমণ.. বিমানবন্দর থেকে একে একে চোখের বাইরে চলে গেল মা, বাবা আর ভাইয়ের ছলছল চোখ,
চোখে তখন আনন্দাশ্রু, নিমেষে কষ্ট উধাও.. হাত ধরল কাছের মানুষটি,
অনাবিল আনন্দে হারিয়ে গেল তারা । সে দেশের মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানালাম নিজের দেশমাতৃকাকে...
প্রথম ভোরবেলা, কিচেন-ব্লাইন্ডস সরিয়ে, পার্কিং লটে  সার সার গাড়ির ছাদে দুধসাদা বরফের চাদর.. তার সাথে সূর্যের আলোর মাখামাখি,  
সত্যি রূপকথা হল আমার চুপকথারা ।
আমি হাত নেড়ে বাই করছি আমার স্টুডেন্ট স্বামীকে । গাড়ির মাথায় বরফ সাফ করতে করতে সে বেমালুম ভুলে গেল তার প্রেয়সীকে হাত নাড়ার কথা ।
তখন শুরু হল জীবনের বাস্তব গল্প ।   

Sunday, February 10, 2013

ভ্যালেন্টাইনস ডে

আমার ভালোবাসার  গান ভাসতে ভাসতে চলল । ভোরের আলোর পর্দা সরিয়ে, কচি রোদ্দুর গায়ে মেখে গান চলতে লাগল । একটু থামা আবার ফিরে আসা । এই ভাবে গীতবিতানের জানলা খুলে আবার ভাসে গান । ভালোবাসার গান । ক্রমে সন্ধ্যের অন্ধকারের পরত ছিঁড়েখুঁড়ে ভালোলাগার গান এসে পড়ল গানভাসি সাঁঝে । এই ভাবে আমার স্বপ্নপথে ভালোবাসার গান এসেছিল সেদিন ।
 গত শনিবারে খুব তাড়াহুড়োয় মেলাব‌ইয়ের মাঝে তোমাদের ষ্টলে গিয়ে কোনো পরিচিত বন্ধুর সাথে দেখা হয়নি তাই একটু আফশোস ছিল । সেই অপূর্ণতা নিয়ে রাতে ঘুমিয়ে এই স্বপ্ন দেখেছিলাম ভালোবাসার গান নিয়ে । তারপর ধড়মড়িয়ে উঠে দেখি গান আমার মনখারাপের উঠোন পেরিয়ে, স্বপ্নপথ বেয়ে সোজা আবার আমার পাশে লাইভ । খুশির ভালোবাসার আসন্ন দিনে আমার  সব বন্ধুদের জন্যে র‌ইল অনেক অনেক ভালোবাসা । বসন্ত আজ না এলেও ভালোবাসা বেঁচে থাকবে।

ভ্যালেন্টাইনস ডে তো উপলক্ষ মাত্র !

খোলাচিঠি ফাগুণ ডেটে

আজ এ ফাল্গুণের দ্বিতীয় ডেট । আজ দখিনের খোলা জানলায় সব ওলটপালট । ফাগুণের ওমে শীত লুকোল শুকনোপাতায় । পলাশের হাসিতে শীত-ফুলেরা মুখ ঢেকেছে  চুপিসাড়ে । শিমূল, অশোকের হট্টমেলায় ডালেডালে কাঁচা সবুজের ছোঁয়া ।  মাতাল বসন্তে রঙীন প্রকৃতি । তবুও তোমাকে চাই এই ফাগুণসন্ধ্যেয় । 

আজ দেখ, নতুন বসন্তের পাগলা হাওয়ায় উদাস তুমি-আমি ।  ঠাকুরঘরে সাঁঝেরবাতি, রাতের পোষাক, ডিনার টেবিল এলোমেলো আজ । তবুও তোমাকে চাইলাম । 
 কোকিল পাগল করেছে আমার  গানবিকেলের একটুকরো বারান্দা । জানো ? আমি কিন্তু বসন্তের নরম শাড়ির আঁচল বিছিয়ে বসে আছি সেই ফাগুণডেটের পথ চেয়ে । তাই আরো একবার সব বন্ধুদের মাঝে তোমাকে চাইলাম নতুন এই ফাগুণে ।

 না হয় একটা সন্ধ্যের মত শিকেয় তোলা র‌ইল সব চাওয়াপাওয়া, থোড়বড়ির সেই একেঘেয়েমির রান্নাঘর আর কূটকাচালি  ! গানে গানে না হয় ফিরিয়ে দিলে আমার একটা চুপকথার সাঁঝ !